প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্রের কো-অর্ডিনেটর ও দৈনিক যুগান্তরের সাবেক ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার তারিকুল ইসলামের মা দিলারা বেগম অসুস্থতাজনিত কারণে গতকাল শনিবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুগদায় তার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। তারিকুল ইসলাম জানান, বরিশালের উজিরপুরের কাংশি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মায়ের দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এক শোকবার্তায় তিনি বলেন, দিলারা বেগমের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহানুভূতি জ্ঞাপন করছি। ধর্মপরায়ণা নারী হিসেবে তিনি প্রতিবেশীদের কাছে পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব এবং শোকার্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
রুহুল কবির রিজভী শোকবার্তায় দিলারা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
