প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সফর সামনে রেখে প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ উপলক্ষে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, প্রটোকল ব্যবস্থাপনা ও চলমান উন্নয়নকাজের অগ্রগতি তদারকিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
গতকাল তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় উপাচার্যের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ স্টিয়ারিং কমিটির সদস্যরা।
সভায় উপাচার্য সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন। তিনি ক্যাম্পাসের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য বলেন, গুরুত্বপূর্ণ এ সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতি সমন্বিত, পরিকল্পিত ও দায়িত্বশীলভাবে সম্পন্ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ ও কমিটির মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখতে হবে। বিশেষ করে প্রটোকল-সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রস্তুতিতে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।
সভায় ক্যাম্পাসের চলমান উন্নয়নকাজের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া, কাজের মান বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো সরেজমিনে তদারকির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ক্যাম্পাসের সড়ক, প্রশাসনিক ও একাডেমিক ভবন, প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোর পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া পূর্ববর্তী সভাগুলোতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন কমিটির সদস্যরা।
