মল্লিকবাড়ির দুর্গাপুজো মানেই সাবেকিয়ানার ছোঁয়া, ঐতিহ্য আর পারিবারিক মিলন। প্রতি বছরের মতো এবারও দুর্গোৎসবের নানা আয়োজনে ব্যস্ত অভিনেত্রী কোয়েল মল্লিক। অষ্টমীর সকালেও পরিবারের সদস্যদের সঙ্গে পুষ্পাঞ্জলি দিয়েছেন তিনি।
তবে এদিন কোয়েলের পাশাপাশি নজর কেড়েছে তার দুই সন্তান কবীর ও কাব্যও। মায়ের সঙ্গে রং মিলিয়ে সাজে ধরা দিয়েছে তারাও।
বিজ্ঞাপন
পুজোর প্রথম দিন থেকেই মল্লিকবাড়ির নানা আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কোয়েল। অষ্টমীর সকালে লাল শাড়ি, হলুদ সুতোর কাজ করা ব্লাউজ, কপালে লাল টিপ আর চুলে খোঁপায় সাবেকি সাজে দেখা যায় তাকে। গয়নাতেও ছিল ছিমছাম ভাব। পুষ্পাঞ্জলি দেওয়ার পাশাপাশি শঙ্খ বাজাতেও দেখা গেছে অভিনেত্রীকে।

তবে এবারের অষ্টমীর সাজে কোয়েলের সঙ্গে রং মিলিয়ে পোশাক পরেছে তার ছেলে কবীর ও মেয়ে কাব্যও। কবীরের পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি, তাতে সুতোর কাজ। অন্যদিকে কাব্য পরেছিল লাল টপের সঙ্গে হলুদ স্কার্ট। মায়ের সাজের সঙ্গে দুই সন্তানের পোশাকের এই রংমিলান্তি নজর কেড়েছে।
কোয়েলের স্বামী, প্রযোজক নিসপাল রানেকেও দেখা গেছে হলুদ পাঞ্জাবিতে। পরিবারের সবার পোশাকে রঙের মিল থাকায় মল্লিকবাড়ির অষ্টমীর সাজে যোগ হয়েছে বাড়তি আকর্ষণ।
বিজ্ঞাপন
অন্যদিকে, কোয়েলের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকের সাজ ছিল চিরচেনা সাবেকি। সাদা পাঞ্জাবির ওপর নীল সুতোর কাজ আর সাদা ধুতিতে ধরা দিয়েছেন তিনি। পুজোর আচার-অনুষ্ঠানের পাশাপাশি পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটাতেও দেখা গেছে তাকে।

মল্লিকবাড়ির পুজোয় কুমারীপুজো, আরতি থেকে শুরু করে নানা নিয়ম মেনে আয়োজন চলে। এসবের মধ্যেই কবীর ও কাব্যকে ঘিরে পরিবারের আনন্দ-উচ্ছ্বাসে জমে ওঠে বাড়ির পরিবেশ। কখনও দাদুর সঙ্গে খেলা, কখনও পরিবারের অন্য সদস্যদের আদর-সব মিলিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠে ছোটরাও।
তারকা পরিচয়ের বাইরেও পরিবারের সঙ্গে উৎসবের দিনগুলো চেনা ছন্দে কাটাতে পছন্দ করেন কোয়েল। এবার অষ্টমীর সকালে সাবেকি সাজের সঙ্গে ছেলে-মেয়ের রং মিলিয়ে পোশাক যেন সেই পারিবারিক আবহকেই আরও সুন্দর করে তুলেছে।
এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
