শান্তি-সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়ির চারটি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে ইউপিডিএফ গণতান্ত্রিক। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকালে মধুপুরে দলীয় কার্যালয়ে মণ্ডপ কর্তৃপক্ষের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
অনুদান বিতরণ করেন ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা।
এ সময় অমর জ্যোতি চাকমা বলেন, আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা করা ইউপিডিএফ গণতান্ত্রিকের নতুন কোনো উদ্যোগ নয়। প্রতি বছর বিভিন্ন ধর্মীয় উৎসবে সংগঠনটি পাশে থেকে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে নানা কার্যক্রম পরিচালনা করে।
তিনি আরও বলেন, শুধু উৎসব নয়, দুর্যোগ মোকাবিলা, শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা, বিশুদ্ধ পানি সরবরাহ, বাসস্থান নির্মাণ ও বিনোদনসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও সংগঠনটি সহযোগিতা করে আসছে। সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে সবার সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জনমানুষের আস্থা অর্জন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দুর্গাপূজা উদযাপনে সব ধরনের সহযোগিতা নিয়ে সংগঠনটি পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।
এ সময় দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সব সম্প্রদায়ের মানুষকে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ির চারটি দুর্গাপূজা মণ্ডপের কর্তৃপক্ষের হাতে সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
এই বাংলা/এমএস
