আজকাল ওয়েবডেস্ক: দশেরার মঞ্চ থেকে দেশকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দিল্লির ইন্দ্রপ্রস্থ রামলীলা ময়দানে দশেরার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতকে বিভক্ত করার চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং দেশের শত্রুদের পরাস্ত করতে হবে।
তাঁর বক্তব্যে উঠে আসে প্রভু রামের আদর্শ, রামলীলার সাংস্কৃতিক গুরুত্ব, আত্মনির্ভর ভারত গড়ার প্রয়োজনীয়তা। উল্লেখ্য, সম্প্রতি দেশের রাজধানী যখন একের পর এক বিক্ষোভ মিছিলের সাক্ষী সেই সময়েই দেশকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি পথে নেমেছে। বিক্ষোভ কর্মসূচি করেছে বিরোধী ইন্ডিয়া জোটও। অন্যদিকে, মহারাষ্ট্রের নাগপুরে আরএসএসের বিজয়াদশমী উৎসবে বক্তব্য রাখতে গিয়ে এই একই ধরনের বার্তা দিয়েছেন মোহন ভাগবতও।
নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, ভোটার তালিকার এসআইআর নিয়ে প্রতিবাদ এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবির আবহে এমনই বক্তব্য রেখেছেন ভাগবত।
দিল্লির অনুষ্ঠানে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘বিজয়াদশমী শুধুমাত্র উৎসব নয়। সত্য ও ন্যায়ের চিরন্তন শক্তির কথা মনে করিয়ে দেওয়ার উপলক্ষ। এই উৎসব অশুভের উপর শুভর জয়ের প্রতীক।’
তিনি আরও বলেন, ‘বিজয়াদশমীর এই পবিত্র দিনে আমি প্রভু শ্রী রাম, মা জানকী এবং বজরংবলীর চরণে প্রণাম জানাই। দেশের সমস্ত মানুষকে বিজয়াদশমীর আন্তরিক শুভেচ্ছা জানাই।’
তিনি আরও বলেন, ‘প্রভু রামের আদর্শ এবং রামলীলার ঐতিহ্য দেশের মানুষকে একসূত্রে বেঁধে রাখে। দেশের বিভিন্ন শহর ও গ্রামে এই উৎসব উদযাপিত হয়। এটা শুধু সারা দেশে উদযাপিত একটি উৎসব নয়। এটা ভারতের প্রাণশক্তি।’
বক্তব্যে আত্মনির্ভর ভারতের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, প্রয়োজন মেটানোর জন্য নিজস্ব সম্পদ ও সক্ষমতার উপর নির্ভর করতে পারলেই উন্নতি হবে দেশের।
https://youtu.be/JwFdq_tA9cE?si=ditrWTfVcjAZ5PyT
তিনি বলেন, ‘নিজের সামর্থ্য ও সম্পদ কাজে লাগিয়ে কীভাবে সমস্যার সমাধান করতে হয়, তা প্রভু রামের আদর্শ থেকে শেখা যায়। সেই শিক্ষাকে সামনে রেখেই দেশকে আরও আত্মনির্ভর করে তুলতে হবে।’
