প্রকাশিত: ১৮:০৮, ২৪ অক্টোবর ২০২৬
অনলাইন ডেস্ক || রাইজিংবিডি.কম
জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামি
জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামি মারা গেছেন। যৌনতা, সহিংসতা ও তরুণদের সংস্কৃতির অন্ধকার দিক নিয়ে লেখা সাহসী ও আলোচিত সাহিত্যকর্মের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির প্রকাশনা সংস্থা জেনতোশা এ তথ্য জানিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
এক বিবৃতিতে প্রকাশনা সংস্থাটি জানায়, “রিউ মুরাকামির এই অকালপ্রয়াণে আমরা গভীরভাবে এবং অসহনীয়ভাবে শোকাহত। তিনি তার পুরো সাহিত্যজীবনজুড়ে তরুণ পাঠকদের জন্য চমকপ্রদ ও আলোড়ন সৃষ্টিকারী সাহিত্যকর্ম রেখে গেছেন।”
লেখকের বিখ্যাত বইগুলোর মধ্যে অন্যতম তার প্রথম উপন্যাস ‘অলমোস্ট ট্রান্সপারেন্ট ব্লু’। ১৯৭৬ সালে প্রকাশিত এই উপন্যাসে মাদক ও যৌনতার মধ্যে ডুবে থাকা তরুণদের জীবন ও অবক্ষয়ের চিত্র তুলে ধরা হয়েছে। বইটি জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার লাভ করে।
১৯৮০ সালে প্রকাশিত তার উপন্যাস ‘কয়েন লকার বেবিজ’ এ মালপত্র রাখার লকারে পরিত্যক্ত দুই শিশুর বেড়ে ওঠা এবং টিকে থাকার সংগ্রামের কাহিনি উঠে এসেছে।
অন্যদিকে, ১৯৯৭ সালে প্রকাশিত ‘ইন দ্য মিসো স্যুপ’ উপন্যাসে টোকিওর যৌনপল্লির অন্ধকার জগতে এক পর্যটকের প্রবেশের গল্প তুলে ধরা হয়েছে।
রিউ মুরাকামি তাঁর বিতর্কিত বিষয়বস্তু, ব্যতিক্রমী বর্ণনাশৈলী এবং সমকালীন জাপানি সমাজের অস্বস্তিকর বাস্তবতা তুলে ধরার জন্য আন্তর্জাতিক পাঠকমহলে পরিচিতি লাভ করেন। তাঁর একাধিক সাহিত্যকর্ম বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং বিশ্বজুড়ে পাঠকদের কাছে তিনি সমাদৃত।
