শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে গোপালগঞ্জ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যপদসহ দলটির প্রাথমিক ও সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া (বীরু)।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
মো. জানে আলম মিয়া কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিবৃতিতে তিনি জানান, বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হাঁটুর ব্যথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ পরিস্থিতিতে সক্রিয় রাজনীতি চালিয়ে যাওয়া তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।
তিনি উল্লেখ করেন, নিজস্ব বিবেচনায় এবং কারো কোনো প্রকার চাপ ছাড়াই তিনি আওয়ামী লীগ ও এর সব অঙ্গ-সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যসহ যাবতীয় পদ-পদবি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন।
জানে আলম মিয়া জানান, এ সিদ্ধান্তের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে তার সব ধরনের সাংগঠনিক সম্পর্কের অবসান ঘটল। ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ারও কোনো ইচ্ছে তার নেই। জীবনের বাকি সময়টুকু পারিবারিক পরিবেশে এবং ধর্মীয় ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে শান্তিতে কাটাতে চান বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।