পোশাকশ্রমিকদের জন্য সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের জোরালো দাবি জানিয়েছে শ্রমিক সংগঠন ‘গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন’। একই সঙ্গে চলতি অক্টোবর মাসের মধ্যেই নতুন মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশ শেষে সংগঠনটির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে কদম ফোয়ারা হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন সংগঠনের সভানেত্রী মোশরেফা মিশু। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেলে বেতন বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ নিলেও দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় ভূমিকা রাখা পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে তৈরি পোশাক খাতের বিশাল অবদান রয়েছে, তাই শ্রমিকদের জীবনমান উন্নয়নে তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, এর আগে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে শ্রমিকেরা ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানিয়ে আন্দোলন করেছিলেন। সে সময় আন্দোলনে চারজন শ্রমিক নিহত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য বারবার শ্রমিকদের রাজপথে রক্ত ঝরাতে হওয়া অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
চলতি মাসের ২৪ তারিখ পেরিয়ে গেলেও নতুন মজুরি বোর্ড গঠনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি উল্লেখ করে মোশরেফা মিশু বলেন, সরকারকে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় দেশের পোশাকশ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।
তিনি অভিযোগ করে বলেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেও শ্রমিকদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যাশিত কোনো অগ্রগতি দেখা যায়নি।
সমাবেশে আরও বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা সাইফুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের নেতা ইকবাল কবিরসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
