বৈভবকে ধৈর্য্য ধরতে বললেন শ্রেয়স।ছবি: সংগৃহীত
Published on
:
2 min read
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলার সুযোগ পায়নি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। সিরিজ়ের একটি ম্যাচেও প্রথম একাদশে জায়গা হয়নি তরুণ ব্যাটারের। তবে তাকে নিয়ে এখনই চিন্তার কিছু দেখছেন না ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বরং ধৈর্য ধরে নিজের প্রস্তুতিতে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শ্রেয়স আইয়ারের মতে, সুযোগের জন্য অপেক্ষা করতে হয়। নিজের কাজ ঠিক ভাবে করে গেলে এক দিন সুযোগ আসবেই।
বৈভবকে ধৈর্য ধরার পরামর্শ শ্রেয়সের
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়ের পঞ্চম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর বৈভবকে নিয়ে মুখ খোলেন শ্রেয়স আইয়ার। তিনি জানিয়েছেন, সুযোগ না পাওয়ার জন্য অতিরিক্ত চিন্তা না করে নিজের খেলা ও প্রস্তুতিতে মন দিতে হবে তরুণ ব্যাটারকে।
শ্রেয়স বলেন, ‘আমি বৈভবকে বার বার বলি, ও সুযোগ পাবে। নিজের প্রস্তুতি ঠিক রাখতে হবে, মানসিক ভাবে হালকা থাকতে হবে। সুযোগ পাচ্ছে না বলে বেশি চিন্তা করলে চলবে না। কখনও কখনও অপেক্ষা করতে হয়। আমাদের দলে দু’জন দুর্দান্ত ওপেনার রয়েছে, যারা ধারাবাহিক ভাবে ভালো খেলছে।’
এই সিরিজ়ে ভারত প্রথম একাদশে ভরসা রেখেছিল অভিজ্ঞ দুই ওপেনার সঞ্জু স্যামসন (Sanju Samson) ও অভিষেক শর্মার (Abhishek Sharma) উপর। পাঁচ ম্যাচে সঞ্জু করেছেন ১৬৮ রান, অভিষেকের সংগ্রহ ১৪৫। দু’জনেই দু’টি করে অর্ধশতরান করেছেন। ফলে বৈভবের সামনে প্রথম একাদশে সুযোগ পাওয়ার রাস্তা কঠিন হয়ে পড়ে।
ভারতের হয়ে এখনও পর্যন্ত আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বৈভব। তার সংগ্রহ ২৪৬ রান, স্ট্রাইক রেট ১৮৬-এর বেশি। রয়েছে দু’টি অর্ধশতরানও। ভারতের হয়ে তার শেষ ম্যাচ ছিল পাকিস্তানের বিরুদ্ধে এশিয়ান গেমসের ফাইনাল।
বোলারদের ব্যর্থতায় সিরিজ় জেতা হলো না ভারতের
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ় ২-২ ব্যবধানে শেষ হয়েছে। বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে পঞ্চম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ়ের ফয়সালা হয়নি। ভারতের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে আইয়ারের বক্তব্য, দ্বিতীয় ও চতুর্থ ম্যাচে বোলাররা আরও ভালো বল করতে পারলে সিরিজ়ের ফল অন্য রকম হতে পারত। ওই দুই ম্যাচেই ২৪০ রানের বেশি দিয়েছিল ভারত।
শ্রেয়স আইয়ার বলেন, ‘দ্বিতীয় ও চতুর্থ ম্যাচে আমরা ভালো বল করতে পারলে সিরিজ়ের ফল অন্য রকম হতে পারত। আমাদের ব্যাটিং দুর্দান্ত হয়েছে, কিন্তু বোলিংয়ে পরিকল্পনা ঠিক ভাবে কাজে লাগাতে পারিনি। ওয়েস্ট ইন্ডিজ়ও দারুণ ব্যাটিং করেছে। শাই হোপ অসাধারণ খেলেছে, ওকে কৃতিত্ব দিতেই হবে।’
তবে হারের পর ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে দলের বড় ইতিবাচক দিক হিসেবে দেখছেন শ্রেয়স আইয়ার। তাঁর দাবি, ‘হারার পরেও আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি, এটা বড় প্রাপ্তি। যদিও গোটা সিরিজ়ে ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি। এখান থেকে অনেক কিছু শেখার আছে। শেষ ম্যাচেও ব্যাটিংয়ে আমরা যে ভাবে খেলেছি, তা অসাধারণ।’