সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের চার গোল কেবল শীর্ষস্থানের লড়াইয়ে তিন পয়েন্ট অর্জনের বিষয় ছিল না। এটি ছিল এক নতুন তারকার রাজকীয় অভিষেকের ঘোষণা। বহুল প্রতীক্ষিত এল ক্ল্যাসিকোর আগে যে তারকা রিয়াল মাদ্রিদের সব সমীকরণ পাল্টে দিতে পারেন।
গুলার, এমবাপ্পে ও দিওমান্দের গোলে মাদ্রিদের ক্লাবটি তুলে নেয় ৪-১ গোলের এক দাপুটে জয়। তবে সব আলো কেড়ে নেন আইভরিয়ান উইঙ্গার ইয়ান দিওমান্দে। এক গোল ও এক অ্যাসিস্টে তিনি উপহার দেন এক পূর্ণাঙ্গ পারফরম্যান্স। তিনি এখন আর কেবল বদলি খেলোয়াড় নন।
‘কারুসেল কানাল্লা’ অনুষ্ঠানে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে ক্রীড়া সাংবাদিক আন্তোনিও রোমেরো মন্তব্য করেন, রিয়াল মাদ্রিদের জার্সিতে এটিই ছিল দিওমান্দের প্রথম সত্যিকারের দুর্দান্ত ম্যাচ।
এই প্রশংসার সঙ্গেই ছিল নিষেধাজ্ঞা কাটাতে মাঠের বাইরে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের জন্য স্পষ্ট এক সতর্কবার্তা। রোমেরো বলেন, আইভরিয়ান এই তারকার উত্থানে ভিনিসিয়ুসকে অবিলম্বে নিজের খেলার মান বাড়াতে হবে। অনেক দিন পর এই প্রথম তিনি নিজের জায়গা নিয়ে সত্যিকারের ও তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছেন।
দলের ভবিষ্যৎ নিয়ে রোমেরো আরও যোগ করেন, রিয়াল মাদ্রিদ যদি বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে চায়, তবে শতকরা ৯৫ ভাগ ম্যাচেই তারা তা পারবে। বার্সেলোনার কাছ থেকে বল কেড়ে নেওয়া কঠিন সত্যি, তবে তারা তা করতে সক্ষম। একটি শক্তিশালী দলের বিপক্ষে আজ রিয়াল মাদ্রিদের এক দুর্দান্ত রূপ দেখলাম আমরা, যা ক্ল্যাসিকোতে বার্সেলোনার সঙ্গে লড়ার মতো পারফরম্যান্সের খুব কাছাকাছি।
ন্যু ক্যাম্প সফরের জন্য নিজের পছন্দের একাদশ বেছে নেওয়ার পাশাপাশি সম্ভাব্য কিছু বিকল্প নিয়ে প্রশ্ন তোলেন তিনি, এন্ড্রিক চমৎকার খেলোয়াড়, কিন্তু তিনি উইঙ্গার নন। আমার মনে হয় ক্ল্যাসিকোর জন্য তিনি একটু বেশিই ভারী হয়ে যাবেন। ভালভার্দে বিশ্বের অন্যতম সেরা ফুলব্যাক হলেও উইংয়ের সামনে খেলতেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মাঝমাঠে খেলতে হলে বলে দারুণ নিখুঁত হতে হয়, যা ভালভার্দের কিছুটা অভাব রয়েছে।
সাবেক ফুটবলার ও বিশ্লেষক রাফা আলকোরতাও তার সঙ্গে সুর মিলিয়ে বলেন, রোমা ম্যাচের একাদশে পরিবর্তন এনে কোচ হোসে মরিনহো চতুরতার পরিচয় দিয়েছেন।
আলকোরতা বলেন, চুয়ামেনির কাছাকাছি গুলারকে খেলানোয় বলের নিয়ন্ত্রণ ও ম্যাচের নিয়ন্ত্রণ বাড়ে, সুযোগ তৈরির সম্ভাবনাও বহুগুণ বেড়ে যায়। দিওমান্দে ও এন্ড্রিক রক্ষণে দারুণ অবদান রেখেছেন, যা অত্যন্ত পরিষ্কার ও গুরুত্বপূর্ণ।
ভিনিসিয়ুসের প্রতি সমর্থনের বার্তা দিয়ে নিজের বিশ্লেষণ শেষ করেন তিনি, তবে তা জুড়ে দেন নতুন প্রতিযোগিতার শর্তে, ভিনিসিউসের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ সে এখন একজন অত্যন্ত শক্তিশালী প্রতিদ্বন্দ্বী পেয়েছে। আমরা আশা করব এই প্রতিযোগিতা তার জন্য কল্যাণকর হবে, কারণ সে এখনো বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।
পরিশেষে তিনি বলেন, এখানে কোনো গোপন রহস্য নেই। দলটি এখন অনেক বেশি সুসংহত ও সুসংগঠিত, বিশেষ করে উইঙ্গাররা যখন ফুলব্যাকদের সাহায্য করে। সেভিয়ার বিপক্ষে কুকুরেয়াকে তাই খুব একটা ভুগতে হয়নি। সত্যি শক্তিশালী দলগুলোর বৈশিষ্ট্যই হলো বল হারালেই তা পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়া, আজ দিওমান্দের মধ্যে আমরা সেটাই দেখেছি।
