শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের ছুটিতে যাত্রীদের নির্বিঘ্নে রেলভ্রমণ নিশ্চিত করতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার (১৯ অক্টোবর) রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম'র নেতৃত্বে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম), চট্টগ্রাম এবং অন্যান্য কর্মকর্তারা স্টেশন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্টেশনের প্ল্যাটফর্ম, কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সহজ ডটকমের অফিস, রেলসেবা রেজিস্ট্রেশন অফিস, টিকিট কাউন্টার ও স্টেশনের সার্বিক নিরাপত্তা-ব্যবস্থা ঘুরে দেখেন তারা। এ সময় ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে সেবার মান ও প্রাপ্তি সম্পর্কে তাদের মতামত ও অভিজ্ঞতা শোনেন কর্মকর্তারা।
পরিদর্শনকালে যাত্রীসেবার মানোন্নয়নে সহজ ডটকমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, স্টেশনের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার মান উন্নত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ সময় ছুটিতে যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেআই
