জুলাই আন্দোলনে ঢাকার মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আজিম আহমেদ গত ১০ অক্টোবর তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
এদিন শুনানিকালে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানির পর তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ গোলচত্বর এলাকায় অবস্থানকালে হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে আহত হন ফিরোজ তালুকদার পলাশ। পরে তাকে মিরপুর আলোক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
২০২৪ সালের ২৬ অক্টোবর গুলশান-২ এলাকা থেকে মঈনউদ্দিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
