মাদক উদ্ধার, ইভটিজিং ও অপরাধ দমন, মামলা তদন্ত, আসামী গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিথি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে মনোনীত হয়েছেন সিংগাইর থানার তদন্ত ওসি মো. রেজাউল করিম (পিপিএম)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাসিক অপরাধ সভায় তাঁর হাতে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শকের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র আনুষ্ঠানিক ভাবে তুলেদেন পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিংগাইর থানার তদন্ত ওসি রেজাউল করিম (পিপিএম) মাদক উদ্ধার, ইভটিজিং প্রতিরোধ, মামলা তদন্ত, আসামী গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিথি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও পেশাগত কাজ করে বিশেষ ভুমিকা রাখেন। একারণে সর্ব মহলে প্রশংসিত হন তিনি। এরই অংশ হিসেবে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে তাকে মনোনীত করা হয়।
ওসি তদন্ত রেজাউল করিম বলেন, কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার আমার কাজের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি পাবে। এবং ভালো কাজ করতে আরও উৎসাহিত করবে। আমি সব সময় চেষ্টা করি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার। আমি কখনও অন্যায়ের সাথে আপোষ করি না।
তিনি বলেন, এই সফলতা অর্জনের পেছনে পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, থানার অফিসার ইনচার্জ মো: মাজহারুল ইসলামসহ থানার সকল পুলিশ সদস্যের অবদান রয়েছে। আমি সবার প্রতি চির কৃতজ্ঞ।
এছাড়াও জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন সিংগাইর থানার এএসআই মো. আনওয়ারুল ইসলাম। মাদক উদ্ধার,অপরাধ দমন ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে মনোনীত করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামসহ জেলার ৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
