মানিকগঞ্জ-এক আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, বিএনপিকে ক্ষমতায় আনতে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দেশের সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে ও নির্দ্বিধায় ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। তিনি বলেন, অনেকের ধারণা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ নন। তবে দেশের প্রতিটি ইঞ্চি মাটিই তাঁদের জন্য নিরাপদ আশ্রয়স্থল।
শনিবার (১৭ অক্টোবর) মানিকগঞ্জের শিবালয় উপজেলা বিএনপি কার্যালয়ে সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের জন্য বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিবালয় উপজেলার ৯৪টি পূজামণ্ডপের জন্য ধুতি ও শাড়ি বিতরণ করা হয়।
এমপি জিন্নাহ কবীর বলেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। পূজার আয়োজন নির্বিঘ্ন রাখতে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা এবং প্রতিটি দুর্গামন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে, নিশ্চিন্তে ও শান্তিতে বসবাস করতে পারেন, বিএনপি তা নিশ্চিত করতে চায়। বাংলাদেশের মাটি সব ধর্মের মানুষের নিরাপদ আবাসভূমি, এই বার্তা প্রতিষ্ঠা করতে চায় দলটি। পূজা নির্বিঘ্নে উদ্যাপনের জন্য সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য জিন্নাহ কবীরের সহধর্মিণী সায়লা কবীর, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন এবং সংসদ সদস্যের মেয়ে তাসফিয়া কবীর উদিতা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বাবুল হোসেন বাবু, উপজেলা কৃষক দলের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শিবালয় উপজেলা সভাপতি নিখিল চন্দ্র মালো ও সাধারণ সম্পাদক বিকাশ কুমার দাস, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ অনেকে।
এতে শিবালয় উপজেলা ও জেলা বিএনপি এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
