সিলেটে ‘বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি’ (বাদাশিকস) জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষা, অসহায় শিক্ষক ও সহায়ক কর্মীদের কল্যাণ এবং দারুল আরকাম মাদ্রাসাগুলোর কার্যক্রম গতিশীল রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ অক্টোবর) নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা ফয়জুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদাশিকস কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতী জয়নুল আবেদীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুফতি মুনাওয়ার হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুফতী নাজমুল হুদা কাসেমী ও মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাওলানা আল-আমিন হোসাইন, আইসিটি সম্পাদক হাফিজ মাওলানা রাশেদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা মো. মনিরুজ্জামান এবং দপ্তর সম্পাদক মুফতী জসিম উদ্দীন সিদ্দিকী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জয়নাল আবেদীন। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন সোহেল আহমদ।
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক সাজ্জাদুর রহমান ও সাংগঠনিক সম্পাদকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহিব্বুল হক, মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসাইন এবং সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মহব্বত উল্লাহ নোমান।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ, হাফিজ সুলাইমান আহমদ, মাওলানা সাইদুর রহমান, হাফিজ ইয়াসিন আহমদ ও শাব্বির আহমদ। সহায়ক কর্মীদের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেন আব্দুল কাদির ও গোলাম মোস্তফা। এ ছাড়া কেন্দ্রীয় ও সিলেট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দও সভায় বক্তব্য দেন।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, শিক্ষকদের অধিকার সংরক্ষণ, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং শিক্ষক ও সহায়ক কর্মীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংগঠনের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে বিগত বছরের অডিট প্রতিবেদন উপস্থাপন করা হয়। সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সুহেল আহমদ বিগত বছরের অডিট রিপোর্ট পেশ করেন। অডিট প্রতিবেদন উপস্থাপন করেন মাওলানা কামাল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী জয়নুল আবেদীন বলেন, শিক্ষকদের নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে শিক্ষকদের কল্যাণে কাজ করার পাশাপাশি অসহায় শিক্ষক ও সহায়ক কর্মীদের পাশে দাঁড়াতে হবে। সারা দেশের দারুল আরকাম মাদ্রাসাগুলোর কার্যক্রম সচল রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসব প্রতিষ্ঠানকে নিজেদের প্রাণের প্রতিষ্ঠান মনে করে শিক্ষার্থী বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তা মুফতি মুনাওয়ার হুসাইন বলেন, প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের সমৃদ্ধি ও উন্নতির জন্য নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সংগঠন ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সংঘটিত সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সম্মিলিত স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তারা শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দারুল আরকাম মাদ্রাসাগুলোর সার্বিক উন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
