চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে মো. সাইফান (দেড় বছর) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৭ নম্বর কচুয়া দক্ষিণ ইউনিয়নের তুলপাই পাটোয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফান কচুয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর পূর্বপাড়া এলাকার মান্নান কমিশনারের ছেলে ওসমানের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শিশু সাইফান তার নানির বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরিবারের লোকজনের অগোচরে একপর্যায়ে সে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে স্বজনেরা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ফাহিম উদ্দিন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর
