শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও ধর্মীয় আবহে শেরপুরের ঝিনাইগাতীতে আরতিসহ বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলার ঘোষগাঁও এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা আশ্রম প্রাঙ্গণে দুর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মন্দির ও সেবা আশ্রমের পরিচালনা পর্ষদের সভাপতি শ্রী জীবন কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির, মন্দির ও সেবা আশ্রমের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শ্রী নন্দলাল বর্মন, কোষাধ্যক্ষ শ্রী পলাশ চন্দ্র, ঝিনাইগাতী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে আরতি পরিবেশন করেন। এ সময় মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকেরা জানান, আরতি প্রতিযোগিতার মতো আয়োজন শারদীয় দুর্গোৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি ভক্তদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে ভূমিকা রাখে।
