Published on
:
1 min read
কারখানার দরজা-জানলা একেবারে অক্ষত রয়েছে। আগের রাতে লাগানো তালাও অক্ষত। তা সত্ত্বেও উত্তরপ্রদেশের কানপুরের একটি রুপো গলানোর কারখানায় ৯ মিনিটের মধ্যে ১৮ কিলোগ্রাম রুপো চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে কারখানার স্কাইলাইট ভেঙে ভেতরে ঢুকে রুপো চুরি করেছে চোর।
স্থানীয় সূত্রে খবর, মহারাষ্ট্রের বাসিন্দা নীতিন কানপুরে একটি রুপো গলানোর কারখানা চালান। এখানে পুরোনো রুপোর গয়না ও অন্যান্য সামগ্রী গলিয়ে তা থেকে রুপোর দানা তৈরি করা হয়। রবিবার রাতে কারখানার দরজা বন্ধ করে বাড়ি ফিরেছিলেন নীতিন। সোমবার সকালে কারখানায় ঢুকে মাথায় হাত তাঁর। কারখানার মধ্যে থেকে বিপুল পরিমাণ রুপো চুরি হয়েছে। নীতিনের দাবি প্রায় ১৮ কিলোগ্রাম রুপো চুরি হয়েছে। এই রুপোর বাজার মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা।
কারখানার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তাতে দেখা গিয়েছে, এক দুষ্কৃতী কারখানার স্কাইলাইট বা ছাদের জানলা ভেঙে সেখান থেকে নীচে নামছে। প্রায় ১২ ফুট লম্বা দড়ি বেয়ে নীচে নেমে আসে সে। এর পরে কারখানা থেকে রুপো চুরি হাতিয়ে একই পথে বেরিয়ে চম্পট দেয়।
এমন ভাবে চুরির ঘটনায় অবাক হয়েছে পুলিশও। সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে একটি টুপি পরে থাকতে দেখা গিয়েছে। এর ফলে তাঁর পরিচয় জানতে পারেনি পুলিশ। জানা গিয়েছে, গোটা চুরির ঘটনাটি মাত্র ৯ মিনিটের মধ্যে ঘটেছে। এলাকার সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য-প্রমাণ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছে পুলিশ।
