নওগাঁয় এক গ্রিল মিস্ত্রিকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়।
শনিবার ( ২৪ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানায়, গত ১৭ অক্টোবর রাতে নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামের সড়ক থেকে হানিফের মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় অজ্ঞাত তিন ব্যক্তি। এ ঘটনায় অভিযোগ পেলে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। এরপর গতকাল রাতে পৃথক অভিযান চালিয়ে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার থেকে ইমাম হাসান বুলেট (৪৪) ও ফারুক শেখ ওরফে ওমর আলী (২২) এবং জয়পুরহাট থেকে আশিকুর রহমান ছানি (৩৯) নামে একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র আইনের মামলাসহ ছয়টি মামলা রয়েছে। এবং আশিকুর রহমান ছানির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে।
