ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব শেফস সোসাইটিসের (ওয়ার্ল্ডশেফস) ন্যাশনাল মেম্বারশিপ বা জাতীয় সদস্যপদ লাভ করেছে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন (বিসিএফ)। এই মর্যাদাপূর্ণ সদস্যপদের ফলে বাংলাদেশের শেফ ও রন্ধনশিল্পের পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, বৈশ্বিক প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক পেশাগত নেটওয়ার্কে যুক্ত হওয়ার নতুন সুযোগ উন্মোচিত হলো।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডশেফসের সনদপ্রাপ্ত মাস্টার শেফ ও বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাজিম খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি শহীদ শাহীন, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফ এবং অর্থ সম্পাদক বায়েজিদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বিসিএফ নেতৃবৃন্দ জানান, ওয়ার্ল্ডশেফসের এই অন্তর্ভুক্তি দেশের রন্ধনশিল্পের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশীয় শেফরা আন্তর্জাতিক পরিসরে নিজেদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শেফদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
দেশের রন্ধনশিল্পের আন্তর্জাতিকীকরণ ও নতুন প্রজন্মের দক্ষ শেফ তৈরির লক্ষ্যে আগামী দিনে বিভিন্ন প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনার কথা সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
