ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে শুধু জয় পেলেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে। এমন কঠিন সমীকরণ সামনে রেখেই ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবিতে আজ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাওহীদ হৃদয়। ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে শুরু থেকেই বড় সংগ্রহ গড়ার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।
এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য পরিষ্কার-আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হবে। তবেই নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হবে। তবে সেই পথ মোটেও সহজ নয়। আগের ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান বেশ শক্ত করেছে আফগানরা।
পয়েন্ট তালিকার হিসাবেও এগিয়ে রয়েছে আফগানিস্তান। এক ম্যাচে জয় নিয়ে +৩.১৬০ নেট রান রেটে শীর্ষে আছে তারা। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর -১.৯৮০ নেট রান রেট নিয়ে তিন দলের তালিকায় সবার নিচে বাংলাদেশ। ফলে শুধু জয় নয়, ব্যবধানের হিসাবও মেলাতে হবে হৃদয়দের।
বাংলাদেশ প্রথমে ব্যাটিং করায় সমীকরণটি আপাতত নির্দিষ্ট। অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে তাদের। তবে আগে ব্যাটিং করে কত বড় সংগ্রহ গড়া যায়, সেটিই হয়ে উঠবে ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। রান তাড়ার ক্ষেত্রে লক্ষ্য অনুযায়ী জয়ের সময়সীমাও নির্ধারিত। ২০০ রানের লক্ষ্য পেলে ৪০.২ ওভারের মধ্যে, ২২০ রানের লক্ষ্য হলে ৪০.৫ ওভারের মধ্যে জিততে হতো বাংলাদেশকে। ২৪০ রানের ক্ষেত্রে সময়সীমা ৪১.১ ওভার। আর ৩০০ রানের লক্ষ্য তাড়া করতে হলে ৪২.২ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হতো।
এদিকে ম্যাচটিকে সামনে রেখে একাদশেও বড়সড় পরিবর্তন এনেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন বাদ পড়েছেন। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ ও আলিস আল ইসলাম। এ ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে আলিসের। গত মাসে এশিয়ান গেমসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।
পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। ওয়ানডেতে দুই দল এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে। জয় সমান ১১টি করে হলেও সাম্প্রতিক লড়াইয়ে স্পষ্ট আধিপত্য আফগানিস্তানের। সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, আফগানদের এই পাঁচ জয়ই এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে। ফলে নিজেদের চেনা কন্ডিশনে বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ হয়ে উঠেছে আফগানরা।
আবুধাবির ম্যাচটি বাংলাদেশের জন্য নিছক আরেকটি গ্রুপ পর্বের লড়াই নয়; এটি ফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখার পরীক্ষা। ব্যাট হাতে বড় পুঁজি গড়া, এরপর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্স-দুই বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে বাংলাদেশকে। সামান্য ভুলও যেখানে ফাইনালের পথ বন্ধ করে দিতে পারে, সেখানে জয় এবং জয়ের ব্যবধান-দুটিই এখন সমান গুরুত্বপূর্ণ!
বাংলাদেশ একাদশ
তাওহীদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম।
