সাভারের সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিল্লাল (৩৫), আব্দুর রহমান (৩৫) ও মুন্নু (৪৫) নামে তিন জন আহত হয়েছেন। আহতরা সবাই ওই সিএনজি স্টেশনের কর্মচারী বলে জানা যায়। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার আমিনবাজার এলাকার অনলাইন ফিলিং স্টেশন লিমিটেড নামে একটি সিএনজি স্টেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে একটি ট্রাকে গ্যাস দেয়ার সময় বিকট শব্দে ট্রাকের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গ্যাস দেয়ার সময় তারা তিনজন গুরুতর আহত হন।
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার আবু তাহের রাত ৮টার দিকে নয়াদিগন্তকে জানান, তিনজনই অপারেশন থিয়েটারে (ওটি) রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আহত তিনজনই ফিলিং স্টেশনের কর্মচারী। ট্রাকটি জব্দ করার জন্য বলা হয়েছে।’
