সিলেট ভয়েস ডেস্ক · ১৯ অক্টোবর, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন
বিশ্বের অন্যতম পুরোনো আন্তর্জাতিক লেখার প্রতিযোগিতা ‘দ্য কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশনে’ ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে সিলেটের শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ। ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে লেখা রচনার জন্য এ স্বীকৃতি পায় সে। প্রতিযোগিতার আয়োজকেরা ই-মেইলে পুরস্কার পাওয়ার খবর জানিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আরাফ।
আরাফ হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে শিশু সাংবাদিক হিসেবে কাজ করছে। সে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি লেখালেখি ও শিশু অধিকার নিয়ে কাজ করে সে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এ বছর কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশ থেকে প্রতিযোগিতায় ৫৩ হাজার ৮৪০টি রচনা জমা পড়ে। আরাফ তার রচনায় বড় হয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্নের কথা তুলে ধরেছে।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে আরাফ বলেন, ‘হ্যালো আমাকে লেখালেখির প্রতি আগ্রহ বাড়িয়েছে, আত্মবিশ্বাস জুগিয়েছে। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুপ্রেরণাটা হ্যালো থেকেই পেয়েছি।’
ইংল্যান্ডের রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ১৮৮৩ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। স্কুলশিক্ষার্থীদের জন্য এটিকে বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক লেখার প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করা হয়।
আয়োজকদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়। লেখার উৎকর্ষের ভিত্তিতে নির্বাচিত প্রতিযোগীদের গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পুরস্কার দেওয়া হয়।
এ ছাড়া কমনওয়েলথের পাঁচটি অঞ্চল থেকে একজন করে বিজয়ী নির্বাচন করা হবে। তাঁদের মধ্য থেকে একজনকে সামগ্রিক বিজয়ী ঘোষণা করা হবে। আঞ্চলিক বিজয়ীদের লন্ডনে এক সপ্তাহের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে।
গুগলে আমাদের খবর পেতে
