যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করে সরকারের দ্রুত যথাযথ পদক্ষেপ দাবি করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান; এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকারও।
যুক্তরাষ্ট্রে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। একই সঙ্গে এ ঘটনায় সরকারের দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
পোস্টে তিনি লেখেন, ‘পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদেরকে সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উস্কানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।’
তিনি আরও লেখেন, ‘সরকারের উচিত হবে এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে। শেইম...’
উল্লেখ্য, সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে থাকা ড. ইউনূসকে ঘিরে তারা বিভিন্ন স্লোগান দেন এবং তাঁকে ‘সন্ত্রাসী’ বলে সম্বোধন করেন। এ সময় তারা বাংলাদেশের গণতন্ত্র ও পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ তোলেন। পরিস্থিতির মধ্যে ড. ইউনূসকে বিমানবন্দরের টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় মঙ্গলবার সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় সরকার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে। তিনি বলেন, বিদেশে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
