বাউফলের ঐতিহ্যবাহী কালাইয়া বন্দরের সৌন্দর্যবর্ধন কার্যক্রম নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। কালাইয়া বড় পুকুরের পশ্চিম পাশে মনোরম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তায় টেন্ডারের মাধ্যমে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সালাম খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সৌন্দর্য বৃদ্ধির কাজে বাধা দেওয়ার ঘটনায় কালাইয়া বড় পুকুর পাড়ে বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয়রা। অভিযোগ অনুযায়ী, সরকারি জমিতে বন্দরের সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনও জটিলতার মুখে পড়েছে। এ পরিস্থিতিতে বন্দরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নের দাবিতে এসব কর্মসুচি পালন করা হয়। এ বিষয়ে অভিযুক্ত সালাম খান বলেন, এ জমি সরকার আমাকে বন্দোবস্ত দেওয়ায় প্রশাসনকে আমার পক্ষের কাগজ প্রদান করেছি। সৌন্দর্য বৃদ্ধির কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ বিষয়ে ইউএনও সালেহ আহমেদ বলেন, ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকায় কাজ বন্ধ রয়েছে।