ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানের ওপর আগাম হামলা চালানোর পক্ষে তিনি নন। তবে ইরান ও দেশটির মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইসরাইলে হামলা চালানোর বিষয়ে সতর্ক করেছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইসরাইলের আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন।
নির্বাচনের আগে সামরিক সংঘাত উসকে দেয়ার চেষ্টা করছেন বলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ এবং ইরানে আগাম হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, ‘এটা আমাদের জন্য সুবিধাজনক নয়, ভালোও নয়।’
নেতানিয়াহু আরও বলেন, ‘ইরান আমাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়লেও তারা আমাকে দোষারোপ করবে।’ তবে ইরান আগে হামলা চালালে ইসরাইল কঠোর জবাব দেবে বলে আগের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।
ইসরাইলে আগামী ২৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের প্রশ্নটি দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
