ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে যাবে বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি। তবে যুদ্ধ শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্র ইরানের ঠিক কোন নেতাদের সঙ্গে আলোচনা করছে, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন ট্রাম্প।
বুধবার (১৪ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। ইরানও যুদ্ধের অবসান চায় বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং যুদ্ধ শেষ হলে তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে।
এর আগে মন্টানায় এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে নিজের অনিশ্চয়তার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী নেই, দেশটির সেনাবাহিনীও ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। দেশটির নেতারাও আর নেই বলে দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানের নেতাদের হয়তো আমার সরিয়ে দেওয়া উচিত হয়নি। কারণ এখন আমরা ঠিক কার সঙ্গে আলোচনা করছি, তা আমি জানি না।
ইরানের সামরিক শক্তি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, একসময় দেশটি মধ্যপ্রাচ্যে প্রভাবশালী সামরিক শক্তি ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর তাদের সেই সক্ষমতা আর নেই। ট্রাম্পের ভাষায়, ইরান একসময় মধ্যপ্রাচ্যের দাপুটে শক্তি ছিল। এখন তারা আর আগের মতো শক্তিশালী নয়।
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নৌবহর ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেন ট্রাম্প। তার দাবি, ইরানের ১৫৯টি জাহাজের কোনোটিই এখন আর কার্যকর নেই; সবগুলোই সমুদ্রের তলদেশে পড়ে আছে।
এছাড়া ইরানের ২৭৪টি যুদ্ধবিমান ছিল বলে উল্লেখ করেন তিনি। এসব বিমানের একটিও বর্তমানে ব্যবহারের উপযোগী নেই দাবি করে ট্রাম্প বলেন, বিমানগুলো ইরানের বিমানঘাঁটির রানওয়েতে ধ্বংস হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
তবে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের এসব দাবির পক্ষে বক্তব্যে কোনো বিস্তারিত প্রমাণ তুলে ধরা হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
