আজকাল ওয়েবডেস্ক: ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপুজো ১০২ বছরে পা দিয়েছে। নবমীর সন্ধ্যায় অভিনেতা রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে সেখানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তবে এই সফরের বিশেষত্ব শুধু মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সীমাবদ্ধ থাকেনি। বাড়ির ঐতিহ্য ও পরম্পরা ধরে রাখার প্রসঙ্গ তুলে রঞ্জিত মল্লিকের সিদ্ধান্তের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী।
মল্লিক বাড়িতে গিয়ে মঙ্গলবার রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিকের সঙ্গে পুজো দেওয়ার পাশাপাশি নাডু খান মুখ্যমন্ত্রী। সেখানেই শুভেন্দু অধিকারী জানান, মহানায়কের শতবর্ষ উপলক্ষে তাঁর সঙ্গে রঞ্জিত মল্লিকের কথা হয়েছিল।
সেই সময়ই বাড়ির দুর্গাপুজোয় আসার আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমি মাননীয় রঞ্জিত মল্লিকের নিমন্ত্রণে এসেছি। কোয়েলের নিমন্ত্রণে নয়, এর সঙ্গে কোয়েল মল্লিকের কোনও সম্পর্ক নেই।’
পুজো দেখে বেরনোর সময় বাড়ির আতিথেয়তার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। নারকেল নাড়ু খাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এই বাড়ির ঐতিহ্যের এতটুকু বদল ঘটেনি। এই ঐতিহ্য বাংলার থাকুক।’
এর পরেই রঞ্জিত মল্লিকের সিদ্ধান্তের প্রশংসা করে শুভেন্দু অধিকারী বলেন, ‘রঞ্জিত মল্লিক চাইলেই প্রোমোটিং করতে পারতেন। এখনও কিছু ব্যক্তি রয়েছেন, যাঁরা ঐতিহ্য ও পরম্পরার সঙ্গে আপস করেন না। তার মধ্যে রঞ্জিত মল্লিক একজন।’
https://youtu.be/JwFdq_tA9cE?si=ditrWTfVcjAZ5PyT
কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোর অন্যতম পরিচিত নাম মল্লিক বাড়ি। ১০২ বছরের এই পুজোয় পারিবারিক রীতিনীতি ও ঐতিহ্য আজও বজায় রয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেই ধারাবাহিকতাই উঠে এল। উৎসবের আবহে তাঁর এই মন্তব্যে শহরের পুরনো বাড়ি ও পারিবারিক ঐতিহ্য সংরক্ষণের প্রসঙ্গও সামনে এল।
