আজকাল ওয়েবডেস্ক: চোরবাগানে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৭ জন। এরপরই পুজোর কলকাতায় বিষাদের সুর। তবে, সপ্তমীর রাতেও ভিড় উপচে পড়েছে মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোয়। লাখ লাখ দর্শনার্থীদের ভিড়। কিন্তু, মন খারাপ বেশিরভাগের। এই পরিস্থিতিতে, ফেসবুক লাইভে এসে দর্শনার্থীদের ফিরে যাওয়ার বার্তা দিলেন সন্তোষ মিত্র স্কোয়্যার সর্বজনীন পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ।
ফেসবুক লাইভে কী বলেছেন সজল?
'পুজোর সব আনন্দ চোরবাগান নিয়ে চলে গিয়েছে। চোরবাগানের ঘটনার আমরা আহত, ব্যথিত। একঝটকায় সব বন্ধ করতে পারছি না। তাতে সমস্যা বাড়বে। যে লাখ লাখ মানুষ আসছে, আমি এই মূহূর্তে অনুরোধ করব আপনারা যতটা সম্ভব হয় ফিরে য়ান। এখনই বন্ধ করতে পারছি না কারণ, বন্ধ করলেই সমস্যা বাড়বে। সাউন্ড বন্ধ করলে পাবলিক রিআ্যাক্ট করছে, দরজা বন্ধ করলে ঝাঁপিয়ে পড়ছে। আমপনাদের কাছে অনুরোধ, আজকের দিনটা ফিরে যান।"
সজলের দাবি, 'আমাদের মাঠে কোনও সমস্যা নেই। মানুষও শৃঙ্খলাবদ্ধভাবে ঢুকছে। তবে, সনাতনের পুজো, বাঙালির পুজোয় এরকম ঘটনা ঘটলে আর কোনও উচ্ছ্বাস থাকে না। আমার করজোড়ে আবেদন, যেটুকু দেখছেন তা মানুষের চাপেই। আমরা আস্তে আস্তে শাটডাউন পলিসিতে যাচ্ছি। পুজো আবার আসবে, তাই ধীরে ধীরে ফিরে যান।'
উল্লেখ্য, চোরবাগানের দুর্ঘটনার পরপরই টালা প্রত্যয়ের পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়। টালা প্রত্যয়ের ফেসবুক পেজের পক্ষ থেকে জনস্বার্থে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে উল্লেখ, 'প্রশাসনিক নির্দেশ অনুসারে তালা প্রত্যয় পুজো মণ্ডপ সাময়িকভাবে বন্ধ থাকছে...আমরা সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভাবি, নিরাপদে পুজো উপভোগ করুন।'
