ছবির ক্যাপশন: .
মো. কিবরিয়া আলম
ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬: আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল (বি.এ) মাদরাসায় সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেল, ইকুরিয়া, ঢাকার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর কার্যালয়ের নির্দেশনায় গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”।
শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জাহাঙ্গীর আলম, মোটরযান পরিদর্শক মো. নাসিম হায়দার, ট্রাফিক ইন্সপেক্টর মনীর আহম্মদ এবং মাদরাসার অধ্যক্ষ ও পরিচালনা কমিটির শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু অবকাঠামো উন্নয়ন কিংবা আইন প্রয়োগের বিষয় নয়; বরং ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও মানবিক মূল্যবোধের সমন্বিত প্রতিফলন। আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী। তাই সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি অন্যের নিরাপত্তার প্রতিও সচেতন থাকতে হবে।
আলোচনা সভায় নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার, ট্রাফিক সিগন্যাল ও সড়কচিহ্ন মেনে চলা, গণপরিবহনে যাত্রীদের করণীয়, চালক ও পথচারীদের দায়িত্ব এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে ট্রাফিক আইনের কার্যকর বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তাবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট, প্রসপেক্টাস, ট্রাফিক সাইনসংক্রান্ত সচেতনতামূলক উপকরণ ও নাশতা বিতরণ করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে আনুমানিক ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তারা নিরাপদ সড়ক ব্যবস্থাপনা গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা ট্রাফিক আইন মেনে চলা, নিজের ও অন্যের জীবনের মূল্য দেওয়া এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
