মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
রোববার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান এ তথ্য জানান। তিনি বলেন, মালয়েশিয়া সফরের তৃতীয় দিনে (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টা ইউকেএম থেকে সম্মানসূচক ডিগ্রি নেবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেবেন। এ সময় তিনি ইউকেএমের চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়িরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে দেশটিতে তিন দিনের সরকারি সফরে রয়েছেন। সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে।
এর আগে রবিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
