কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত তিনটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি বলেন, অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক তিনটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও মাদক পাচারে ব্যবহৃত তিনটি ইজিবাইক জব্দ করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একজন ইজিবাইকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
