নিজস্ব প্রতিবেদক · ১৫ অক্টোবর, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ন
সিডনি আন্তর্জাতিক ব্যাডমিন্টন ২০২৬-এর পুরুষ দ্বৈত বিভাগে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের সুনামগঞ্জ জেলার রাফিউল লেইস রাঈদ ও বগুড়া জেলার মোস্তাফিজুর রহমান লিপটন। শেষ বত্রিশের লড়াইয়ে অস্ট্রেলিয়ার রিচি-ঝাং জুটিকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেন বাংলাদেশের এই দুই শাটলার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত ব্যাডমিন্টন ওশেনিয়ার প্রতিবেদনে বলা হয়, ম্যাচে বাংলাদেশি জুটি ২৩–২১ ও ২১–১৮ পয়েন্টে জয় তুলে নেয়। দুই গেমেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেন রাঈদ ও লিপটন।
সিডনি আন্তর্জাতিকের এই জয় বাংলাদেশের ব্যাডমিন্টনের জন্যও ইতিবাচক খবর। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোর পাশাপাশি পরের রাউন্ডে আরও ভালো করার সুযোগ তৈরি হয়েছে দুই বাংলাদেশি শাটলারের সামনে।
রাউন্ড অব ১৬-তে তাদের প্রতিপক্ষ কে হবে, তা পরবর্তী ম্যাচের ড্র ও ফলাফলের ওপর নির্ভর করবে।
এ ব্যাপারে রাফিউল লেইস রাঈদ বলেন, সিডনি আন্তর্জাতিকের মতো একটি প্রতিযোগিতায় জয় পেয়ে আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার জুটির বিপক্ষে ম্যাচটি সহজ ছিল না। তবে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছি এবং গুরুত্বপূর্ণ সময়ে চাপ সামলে জয় তুলে নিতে পেরেছি। এই জয়ে আত্মবিশ্বাস বেড়েছে। পরের ম্যাচেও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমাদের জন্য যারা শুভকামনা জানাচ্ছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।
উল্লেখ্য, রাফিউল লেইস রাঈদ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সভাপতি সিনিয়র আইনজীবী রবিউল লেইস রোকেস এর সন্তান এবং মরহুম ডা. আবুল লেইস এর নাতি। রাঈদ স্কুল পর্যায় থেকেই ব্যাডমিন্টনে সাফল্য অর্জন করতে থাকেন। জাতীয় সাব জুনিয়র রানার্সআপ, পরপর দুইবার সুনামগঞ্জ জেলা চ্যাম্পিয়ন। ইন্টার ইউনিভার্সিটিতে দুইবার চ্যাম্পিয়ন ও দুইবার রানার্সআপ। এছাড়াও জাতীয় চ্যাম্পিয়নশিপে বেশ কয়েকবার কোয়ার্টার ও সেমিফাইনালিস্ট।
গুগলে আমাদের খবর পেতে
