সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে শুধুমাত্র নিজেদের লোক দিয়ে সংবিধান সংশোধনের নামে জাতির সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
আজ রোববার বিকেল ৩টায় যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। আগামী ৩১ অক্টোবর লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চল আয়োজিত প্রস্তুতি সভার পূর্বে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদের চেতনা ও ৭০ ভাগ জনগণের রায়কে অস্বীকার করে যে সংকটের সৃষ্টি করা হচ্ছে, তা পার্লামেন্টে সমাধানের পথ বাদ দিয়ে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে। সরকার যদি গণবিরোধী ভূমিকার অপরিণামদর্শী চিন্তাভাবনা থেকে ফিরে না আসে, তবে তা হবে দেশকে এক গভীর রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়া।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে শুধুমাত্র নিজেদের লোক দিয়ে সংবিধান সংশোধনের নামে জাতির সঙ্গে প্রতারণা করছে। সরকারের বোধোদয় হোক। আমরা আশা করি, তাদের এই গণবিরোধী ভূমিকায় যাওয়ার অপরিণামদর্শী চিন্তাভাবনা থেকে তারা ফিরে আসবে।’
বিএনপি সরকার বিরোধীদলের ‘লংমার্চে পতিত সরকার ফিরে আসবে’ এমন নতুন ন্যারেটিভ বা অজুহাত তৈরি করছে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। ভয় দেখিয়ে জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার বাহানা করছে সরকার।’
তিনি আরও বলেন, ‘সরকার আইন শৃংখলা রক্ষায় চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। খুন, চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ, দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। বিদ্যুৎ, তেল, গ্যাসের দাম দফায় দফায় বড়ানো হচ্ছে। এতে করে দ্রব্যমূল্য এখন লাগামহীন। জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, জনস্বার্থ বিরোধী সকল সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের ১১ দলের এই লংমার্চ।’
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চের ধারাবাহিকতায় এটি তাদের তৃতীয় লংমার্চ কর্মসূচি। দেশের বিরাজমান পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও বিভিন্ন দাবির প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে শুরু হয়ে খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অভিমুখে এই লংমার্চ অনুষ্ঠিত হবে। ওই কর্মসূচি সফল করতে তিনি দেশবাসী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
সম্মেলন সঞ্চালনা ও পরিচালনা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সভাপতিত্ব করেন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসূল এমপি।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, খুলনা ও ফরিদপুর অঞ্চলের পরিচালক খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া আবুল কালাম আজাদ, সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজ, এমপি আজিজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, খুলনা মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
