বাদ পড়লেন দুই অভিজ্ঞ, কোন নতুন মুখ নিয়ে বাংলাদেশ আসছে উইন্ডিজ
দুই টেস্টের সিরিজ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
এমাসের শেষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। দল দিয়েছে ক্যারিবীয়রা। ডাক পাননি অভিজ্ঞ পেসার আলঝারি জোসেফ ও সাদা বলের অধিনায়ক শাই হোপ। ১৫ সদস্যের দলে প্রথমবার ডাক পেয়েছেন ২৩ বর্ষী ব্যাটার কেভিন উইকহ্যাম।
উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ঢাকায়, ২৮ অক্টোবর থেকে। দ্বিতীয়টি শুরু ৫ নভেম্বর, সিলেটে নামবে বাংলাদেশ। হ্যামস্ট্রিং চোট সেরে ওঠার পর ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। চোটে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি। সরিয়ে নেয়া হয়েছে জোসেফকে, আর বিশ্রাম মিলেছে হোপের।
উইন্ডিজ জানিয়েছে, ‘নিয়মিত মেডিকেল পরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শে জোসেফকে দল থেকে সরিয়ে নেয়া হয়েছে। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, জোসেফের সম্মতিতে ওয়ার্কলোড (কাজের চাপ) নিয়ন্ত্রণ করা হবে। যাতে টেস্টে বাড়তি শারীরিক ধকলজনিত চোটের ঝুঁকি এড়ানো যায়।’ টেস্ট সিরিজে জোসেফের বদলি অলরাউন্ডার কিমো পল।
উইন্ডিজের ঘরোয়া চারদিনের টুর্নামেন্টে টানা তিন ইনিংসে সেঞ্চুরির সুবাদে ডাক পেয়েছেন উইকহ্যাম। বার্বাডোজের হয়ে ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রান করেছেন। ৭৮.৬০ গড়ে ৩৯৩ রান নিয়ে টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক হয়েছেন। সবমিলিয়ে ২৫টি প্রথম-শ্রেণির ম্যাচে ৪০.৮৮ গড়ে তার আছে ৬টি সেঞ্চুরি।
২০২৫/২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ এটি উইন্ডিজের শেষ সিরিজ হবে। বর্তমানে পয়েন্ট তালিকায় আটে রয়েছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান, জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলেস ও কেভিন উইকহ্যাম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
