সম্পত্তি-সংক্রান্ত বিষয় নিয়ে পিতা আবদুর রবের (৯৫) জানাজা ও দাফনে বাধা দিয়েছেন সন্তানরা। ঘটনাটি ঘটেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউপির শ্রীধরপুর গ্রামে।
জানা যায়, ১০ সন্তানের জনক আব্দুর রব গত মঙ্গলবার রাতে নোয়াখালীর একটি হাসপাতালে মারা যান। বুধবার সকালে মরহুমের জানাজার প্রস্তুতি নেওয়া হলে বাধা দেন ছোট ছেলে সাইদুর ও ছয় মেয়ে। বাবার জীবদ্দশায় তার সম্পত্তি কৌশলে মেজো ছেলে সালাউদ্দিন ও সেজো ছেলে আলাউদ্দিন লিখে নেওয়ার অভিযোগ করেন অন্য সন্তানরা। এতে অন্য ভাই-বোনদের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়। এর প্রভাব পড়ে জানাজা ও দাফনে।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্পত্তিবঞ্চিত সন্তানরা বাবার জানাজা ও দাফনে বাধা দেওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা বসে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু সুরাহা না হওয়ায় এটি সন্ধ্যা পর্যন্ত গড়ায়। দিনভর নানা নাটকীয়তা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় সমাজপতি সামছুল হক বলেন, পরিবার ও সমাজের কাউকে না জানিয়ে তারা দুই ভাই গোপনে বাবার কাছ থেকে সব সম্পত্তি রেজিস্ট্রি করে নেন। প্রায় ৬ মাস আগে ছোট ছেলে সাইদুর রহমান বাড়িতে বিদ্যুতের মিটার নামাতে গিয়ে খতিয়ান ও দাগ নম্বর প্রয়োজন হলে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে তাদের ভাইবোনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থনীয়ভাবে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা সেখানে উপস্থিত হননি।
মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদ আহমেদ বলেন, ২১ অক্টোবর ৯৯৯-এ অভিযোগ পেলে মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সমাজের লোকজন, স্থানীয় নেতৃবৃন্দ ও মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হলে সবার সম্মতিতে সন্ধ্যা সাড়ে ৬টায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।