কালবেলা · রাজনীতি
প্রধানমন্ত্রীকে আলিঙ্গনের চেষ্টার পর ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার
২১/১০/২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আলিঙ্গনের চেষ্টার পর ওএসডি হলেন রাজশাহী বিভাগীয় কমিশনার এবং অতিরিক্ত সচিব ইউসুফ আলী। মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। েতবে কী কারণে তাকে ওএসডি করা হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে সেটির উল্ল্যেখ করা হয়নি। তাকে তাৎক্ষণিকভাবে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। স্ট্যান্ড রিলিজের এই নির্দেশ পাওয়ার পরপরই মঙ্গলবার তিনি রাজশাহী ত্যাগ করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউসুফ আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিশেষ ফ্লাইট রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। দিনভর রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি এবং জনসভায় অংশগ্রহণ শেষে রাত ৭টার দিকে একই বিমানে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর পর্বে বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর আচরণ নিয়ে আপত্তি ওঠে। অভিযোগ অনুযায়ী, হাত মেলানোর সময় তিনি প্রধানমন্ত্রীর দিকে অতিরিক্ত ঝুঁকে এগিয়ে আসেন, যা নির্ধারিত ভিআইপি প্রটোকলের ব্যত্যয় হিসেবে বিবেচিত হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মতে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফরকালে নিরাপত্তা ও নির্ধারিত প্রটোকল মেনে চলা বাধ্যতামূলক। দায়িত্ব পালনে এসব নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
তবে ইউসুফ আলীকে ওএসডি করার বিষয়ে প্রজ্ঞাপনে প্রটোকল ভঙ্গের অভিযোগকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
মূল প্রতিবেদনে যান ↗