নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মদন থানার অফিসার ইনর্চাজ (ওসি) সালাউদ্দিন করিম।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মদন পৌরসভার শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার-পাঁচজন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলো, মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরা (২৯), মদন পৌরশহরের দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির(৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক(৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক(২৪)।
মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের নিয়মিত টহলের অংশ হিসেবে একটি টহল দল পৌর শহরের শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালায়। এ সময় ইয়াবাহ ও গাঁজা সেবনের অভিযোগে ওই চারজনকে আটক করেন তারা।
এ বিষয়ে নেত্রকোণা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোণা জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক জেলা শাখার অধীনস্থ মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরা কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, গত রাতে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
