ভবন নির্মাণে আইনবহির্ভূত কর্মকাণ্ড এবং সরকারি উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
তিনি বলেন, ভবন নির্মাণে আইন লঙ্ঘনকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। মন্ত্রী গতকাল বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে সড়ক নম্বর সংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, আরডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অনেকে বাধা দিচ্ছেন। সরকারের এ ধরনের কার্যক্রমে যারা বাধা সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, ভবন নির্মাণে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। কেউ আইন অমান্য করে নির্মাণ কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সকালে মন্ত্রী রাজশাহী মহানগরীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
দুপুরে সড়ক নম্বর সংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি ‘আরডিএ প্রান্তিক আবাসিক এলাকা’র উদ্বোধন করেন। এসময় তিনি আবাসিক এলাকার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে মন্ত্রী নাটোর রোডের রুয়েট এলাকা থেকে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি সেখানে বৃক্ষ রোপণ করেন।
বিআলো/অর্নব