নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভেজালবিরোধী অভিযান জোরদার করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে পরীক্ষাগারটির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা জানান, ভেজালবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকির কাজ চলছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের ৬৪টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তারা আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানোর প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগারবাহী গাড়ি সংগ্রহের কার্যক্রম চলছে।
শুধু খাদ্যের নমুনা পরীক্ষা নয়, জনসচেতনতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে এসব গাড়িতে। গাড়ির বাইরের দিকে স্থাপিত পর্দায় নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়, যাতে সাধারণ মানুষ নিরাপদ খাদ্য সম্পর্কে জানতে পারেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
The post নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী appeared first on ভোরের চেতনা.
