বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের সেমিনারে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সচল করা, আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান; তাঁরা ডেঙ্গুর বিস্তার ও চিকিৎসাসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এ জন্য সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি বলেন, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে ডেঙ্গু প্রতিরোধসহ নাগরিকদের যথাযথ সেবা নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএইচের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান। উপস্থাপিত প্রবন্ধ পর্যালোচনা করে বিশেষ অতিথির বক্তব্য দেন নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিসের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী এবং হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া। আরও বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হালিম, ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, করোনার মতো ডেঙ্গুও বাংলাদেশে মহামারি আকার ধারণ করছে। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ ছাড়া ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা ও সুবিধার সংকট থাকায় রোগী ও তাঁদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুর রব বলেন, ডেঙ্গু আক্রান্ত এক লাখেরও বেশি মানুষ শনাক্ত হলেও ডেঙ্গু প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ দেখা যায় না। তিনি বলেন, রাজনীতি যদি কেবল ক্ষমতার জন্য হয়, তবে জনগণের প্রতি রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা থাকে না। জনগণের প্রতি সরকারের চেয়ে বিরোধী দলের দায়বদ্ধতা বেশি দেখা যাচ্ছে। কারণ, বিরোধী দলকে জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।
বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার আয়োজন করায় সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক আব্দুর রব। তিনি বলেন, সামাজিক সংগঠনের চেয়ে রাজনৈতিক দল ও সরকারের ভূমিকা বেশি জরুরি। সরকার দাবি করে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা সরকার গঠন করেছে, কিন্তু জনগণের জন্য তাদের কোনো কর্মসূচি দেখা যায় না। ডেঙ্গু মহামারির দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি রোগটি প্রতিরোধে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের মতো অন্যান্য সামাজিক সংগঠনকেও জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন অব্যাহত রাখার অনুরোধ করেন।
