নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের প্রতিবাদ ও এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, বিচার শেষে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদারের জোরালো দাবি জানানো হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক হাফিজ রায়হান সাদা এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের পরিচালনায় মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সত্য তুলে ধরেন। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের প্রাণ হারাতে হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য এক গুরুতর হুমকি।
তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার, জড়িত সবার জবাবদিহি নিশ্চিত এবং দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন বন্ধ হবে না।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে বক্তারা বলেন, গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সাংবাদিকেরা যেন কোনো ধরনের ভয়ভীতি, হুমকি ও হামলার আশঙ্কা ছাড়াই স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের দ্রুত বিচার, জড়িতদের সর্বোচ্চ শাস্তি, অস্ত্র উদ্ধার এবং সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করা হয়।
