প্রকাশিত: ১৪:৩৯, ১৬ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জ সদর থানা
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে নিজ বাড়ির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন মুন্না মৃধা। এরপর শুক্রবার ভোরে বাড়ির সামনে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে তাকে উদ্ধার করে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, নিহত মুন্না মৃধা মাদকাসক্ত ছিলেন। তিনি মাদক কারবারে জড়িত ছিলেন বলে জানা গেছে। মাদকদ্রব্য বেচাকেনা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশি তদন্ত চলছে।
