স্পোর্টস ডেস্ক।।
ভারতের বিপক্ষে বড় হারের ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির বাঁচা-মরার লড়াইয়ে মালদ্বীপকে ৩৩–২০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।
পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ১৭–৫ গোলের বড় লিড নেয় স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার শিষ্যরা। বিরতির পর মালদ্বীপ ব্যবধান কমানোর চেষ্টা করলেও স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলের সামনে আর পেরে ওঠেনি। দলের হয়ে একাই সর্বোচ্চ ৮ গোল করে ম্যাচসেরা হয়েছেন সানজিদা আক্তার। এছাড়া মিষ্টি খাতুন ও সাকিবা শাম্মী ৪টি করে এবং অধিনায়ক ইসমেতারা নিশি ৩টি গোল করেন। টুর্নামেন্টে নেপালকে হারিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে বড় জয়ে ফাইনালে পা রাখল তারা। আগামী পরশু বেলা ৩টায় শিরোপা নির্ধারণী ফাইনালে আবারও সেই ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
