দাম্পত্য কলহের জেরে স্বামীর অমানুষিক নির্যাতনে প্রাণ হারিয়েছেন ঐশী আক্তার (২৫) নামের এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোহেল খান ও জিজ্ঞাসাবাদের জন্য তার ছোট ভাই তানভীর খানকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
নিহত ঐশী আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের শাহে আলমের মেয়ে। অভিযুক্ত স্বামী সোহেল খান কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের কাদের খানের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে চার দিন আগে স্ত্রী ঐশীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন স্বামী সোহেল। এ সময় তাকে নির্মমভাবে শারীরিক নির্যাতন করা হয়, যার ফলে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
সোমবার সকালে ঐশীর শারীরিক অবস্থার চরম অবনতি হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে মনিরুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় আঘাতজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঐশীর মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে স্বামী সোহেল খান ও তার ভাই তানভীর খানকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জেএইচআর
