রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এনসিপি কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি বিস্ফোরণ হয় এবং বাকি দুটি অবিস্ফোরিত রয়ে যায়।
পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সেখানে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত ছিল।
তিনি আরও বলেন, ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।
