সিলেটে সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে এক ব্যক্তির ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে নিয়েছে প্রতিপক্ষ। কব্জি হারানো হারিছ আলী (৫৫) বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল সোমবার রাতে জানান, এ ঘটনায় এখনও ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। কেটে নেওয়া বিচ্ছিন্ন কব্জিটিও উদ্ধার করা সম্ভব হয়নি। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত রোববার রাতে সালিশ বৈঠক থেকে ফেরার পথে গোয়াইনঘাট উপজেলার ফুলতৈছ গ্রামের বাসিন্দা হারিছ আলীর ওপর এই নৃশংস হামলা চালানো হয়। ওতপেতে থাকা হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাত কব্জি থেকে কেটে আলাদা করে নিয়ে যায়। এরপর তাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত হারিছ আলীকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে কেটে নিয়ে যাওয়া হাত সোমবার রাত পর্যন্ত উদ্ধার করা যায়নি।
হাসপাতালে চিকিৎসাধীন হারিছ আলী দাবি করেন, পূর্বশত্রুতা ও পুরোনো একটি গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার ওপর এ হামলা চালানো হয়েছে। এর আগেও হামলাকারীরা তার গরু চুরি করেছিল।
আহতের ভাগনে আবদুর রশিদ আক্ষেপ প্রকাশ করে জানান, তিন সন্তানের জনক হারিছ আলী সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ডান হাত হারিয়ে তিনি এখন পুরোপুরি পঙ্গু ও কর্মক্ষমতাহীন হয়ে পড়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লিখিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে পুলিশ ইতোমধ্যে ঘটনার ছায়াতদন্ত শুরু করেছে এবং হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে এলাকায় পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।