২৬ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ২৬ মিনিট আগে
স্টার অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীদের দাবি, ভ্যান গঘের রাতের আকাশের ছবি বাস্তব জীবনের পর্যবেক্ষণের ভিত্তিতে আঁকা। ছবি: সংগৃহীত
ডাচ শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’ চিত্রকর্মটির সঙ্গে কমবেশি সবারই পরিচয় আছে। নাম শুনে চিনতে না পারলেও ছবিটি বেশ জনপ্রিয়। প্রায় ১৩৭ বছর আগে আঁকা এই ছবি সম্পর্কে সম্প্রতি চমকপ্রদ নতুন তথ্য সামনে এসেছে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ভ্যান গঘ সম্ভবত আকাশে গ্রহ-নক্ষত্রের বিন্যাস দেখে অনুপ্রাণিত হয়ে ছবিটি এঁকেছিলেন বলে ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
১৮৮৯ সালে ফ্রান্সের প্রোভঁস অঞ্চলে ‘দ্য স্টারি নাইট’ ছবিটি এঁকেছিলেন ভিনসেন্ট ভ্যান গঘ।
এক শতাব্দীরও বেশি সময় ধরে ধারণা করা হতো, ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’ তার কল্পনা, আগের কিছু আঁকাআঁকি এবং ফ্রান্সের একটি মানসিক হাসপাতালে অবস্থানকালে শোবার ঘরের জানালা দিয়ে দেখা দৃশ্যের স্মৃতির ভিত্তিতে আঁকা।
তবে দক্ষিণ কোরিয়ার জোতির্বিজ্ঞানীদের মতে, শতাধিক বছরের পুরোনো এই চিত্রকর্মটি হয়তো কল্পনার ওপর নির্ভর না করে হয়তো বাস্তব পর্যবেক্ষণের ভিত্তিতে আঁকা হয়েছে।
তাদের দাবি, ভ্যান গঘ ছবিটিতে যে রাতের আকাশ এঁকেছিলেন, তার সম্ভাব্য বাস্তব রূপ তারা শনাক্ত করেছেন।

গত ২২ অক্টোবর সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ছবির আকাশের সঙ্গে ১৮৮৯ সালের ২২ জুলাই ভোররাতে আকাশে গ্রহ-নক্ষত্রের যে বিন্যাস ছিল তার মিল আছে।
দক্ষিণ কোরিয়ার মহাকাশবিজ্ঞানবিষয়ক প্রতিষ্ঠান এসএলল্যাব এবং সিউলের কিয়ং হি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ভ্যান গঘের আরেকটি আঁকা ছবি বিশ্লেষণ করেন। তাদের ধারণা, ওই ছবিতে ‘দ্য স্টারি নাইট’-এর প্রাকৃতিক দৃশ্যেরই চিত্রায়ন রয়েছে। এটি বিশ্লেষণ করে তারা ভ্যান গঘের দেখা পাহাড়ি স্থানটি শনাক্ত করেন।
গবেষকদের মতে, স্থানটি দক্ষিণ ফ্রান্সের সাঁ-রেমি-দ্য-প্রোভঁসের কাছে অবস্থিত মানসিক হাসপাতালটির দক্ষিণ-পশ্চিমে। সেখানে ১২ মাস অবস্থানকালে ভ্যান গঘ ক্যানভাসে তেলরঙে ছবিটি এঁকেছিলেন।
তবে গবেষণাটির সঙ্গে যুক্ত নন এমন কয়েকজন বিশেষজ্ঞ সিএনএনকে জানিয়েছেন, গবেষকদের এই দাবি নিয়ে বিতর্কের সুযোগ আছে।
নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টের তথ্য অনুযায়ী, ‘দ্য স্টারি নাইট’ ছবিটি ১৮৮৯ সালের জুনের মাঝামাঝি সময়ে আঁকা হয়েছিল। বর্তমানে ছবিটি ওই জাদুঘরে সংরক্ষিত আছে।
গবেষকদের মতে, ভ্যান গঘের লেখা একটি চিঠির ভিত্তিতে শিল্পকলার ইতিহাসবিদেরা ছবিটি আঁকার সময় নির্ধারণ করেছেন। ১৮ জুনের কাছাকাছি সময়ে ভাই থিওকে চিঠিটি লিখেছিলেন তিনি। যে চিঠির বাংলারূপ ছিল ‘অবশেষে জলপাইগাছসহ একটি প্রাকৃতিক দৃশ্য এঁকেছি, আর তার সঙ্গে নক্ষত্রভরা আকাশের একটি নতুন চিত্রকর্মও।’
তবে গবেষণায় বলা হয়েছে, ওই সময় আকাশে চাঁদ প্রায় পূর্ণ ছিল। ভ্যান গঘের ছবিতে যেমন ক্ষয়িষ্ণু অর্ধচন্দ্রের আকৃতি দেখা যায়, বাস্তবে তখন চাঁদ তেমন ছিল না।
গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, ১৮৮৯ সালের ২২ জুলাই ভোররাতে হায়াডিস নক্ষত্রপুঞ্জ ও শুক্র গ্রহের অবস্থান এবং চাঁদের আকৃতি ছবির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। এ কারণে তারা ধারণা করছেন, ছবিটি জুলাইয়ের শেষ দিকে আঁকা হতে পারে।
দীর্ঘদিন ধরে ধারণা করা হয়, ওই বছরের জুলাইয়ের মাঝামাঝি সময়ে ভ্যান গঘ খিঁচুনিতে আক্রান্ত হয়েছিলেন। এর ফলে পরবর্তী কয়েক সপ্তাহ তিনি অসুস্থতার কারণে হয়তো ছবি আঁকতে পারেননি। সে ক্ষেত্রে ওই সময়ে আকাশ পর্যবেক্ষণ করে ছবি আঁকা তার পক্ষে সম্ভব ছিল না।
তবে গবেষকেরা ফরাসি ও ডাচ ভাষায় লেখা মূল চিঠিপত্র এবং সে সময়ের আবহাওয়ার নথি নতুন করে পরীক্ষা করেন। এতে তারা দেখতে পান, খিঁচুনির ঘটনাটি হয়তো জুলাইয়ের শেষ দিকের এবং তা সম্ভবত এক বা দুই দিন স্থায়ী হয়েছিল।
চীনের শিয়ামেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মেরিন মেটিওরোলজি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের সহযোগী অধ্যাপক ইয়ংজিয়াং হুয়াং সিএনএনকে ইমেইলে বলেন, ‘গবেষকেরা জ্যোতির্বৈজ্ঞানিক মডেল, ঐতিহাসিক আবহাওয়ার তথ্য ও চিঠিপত্র বিশ্লেষণ করে ১৮৮৯ সালের জুলাইয়ের শেষ দিকে আকাশ পর্যবেক্ষণের একটি সম্ভাব্য সময়সীমা তুলে ধরেছেন। অবশ্যই এটি একটি চমৎকার বিশ্লেষণ কাঠামো।’
তবে গবেষণাটির সঙ্গে যুক্ত না থাকা হুয়াং বলেন, তবে গ্রহ-নক্ষত্রের বিন্যাসের ব্যাখ্যা সতর্কতার সঙ্গে করতে হবে। ভিনসেন্ট ভ্যান গঘ ছিলেন পোস্ট-ইমপ্রেশনিস্ট ধারার একজন মহান শিল্পী, কোনো অপটিক্যাল ক্যামেরা নন।
গবেষণার প্রধান লেখক কিম বলেন, ফ্রান্সের আরও ঐতিহাসিক আবহাওয়ার নথি ও ভ্যান গঘের অন্য শিল্পীদের কাছে লেখা চিঠি যদি এখনো সংরক্ষিত থাকে এবং ‘দ্য স্টারি নাইট’ সম্পর্কে কোনো উল্লেখ থাকে, তাহলে ছবিটি ঠিক কখন আঁকা হয়েছিল তা আরও নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব হতে পারে।
