গেজেট প্রতিবেদন অক্টোবর ২০, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
অনলাইনে টিকিট ছাড়ার পরপরই শেষ হয়ে যাওয়া, বট ব্যবহার করে টিকিট ব্লক এবং কালোবাজারির অভিযোগের মধ্যে টিকিটিং ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী মাসে নতুন এজেন্সি নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হবে।
২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত রেলওয়ের সমন্বিত টিকিটিং ব্যবস্থা নিয়ে করা আইটি অডিটে বিভিন্ন অনিয়ম ও নিরাপত্তাঝুঁকির তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ যাত্রীদের জন্য টিকিট উন্মুক্ত হওয়ার আগেই অ্যাডমিন ড্যাশবোর্ডের মাধ্যমে টিকিট ব্লক করার সুযোগ রয়েছে। এ ছাড়া সহজের কর্মীদের পরিচালনায় প্রায় ১৬৯টি অ্যাডমিন অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। এসব সুযোগের অপব্যবহারে টিকিট কালোবাজারির ঝুঁকি তৈরি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অডিটে অনলাইন টিকিট বিক্রির আয় থেকে সরকারি কোষাগারে কম অর্থ জমা এবং সিস্টেম দীর্ঘ সময় অকার্যকর থাকায় সহজ লিমিটেডের কাছ থেকে ১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় না হওয়ার বিষয়টিও উঠে এসেছে। পাশাপাশি যাত্রীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানানো হয়েছে।
রেলওয়ের অভ্যন্তরীণ অনুসন্ধানে bookmyrailbd.com নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে টিকিট ব্লক করার অভিযোগ পাওয়া গেছে। পরে এসব টিকিট অননুমোদিতভাবে বেশি দামে বিক্রির অভিযোগও রয়েছে। এ ঘটনায় টিকিটিং ব্যবস্থার দায়িত্বে থাকা সহজ-সিনেসিস-ভিনসেন জেভির কাছে ব্যাখ্যা চাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে অনলাইনে টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বিশেষ করে ঈদ, পূজা ও অন্যান্য ছুটির সময়ে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই তা শেষ হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এতে অনেককে বিকল্প পরিবহন ব্যবহার করতে হচ্ছে। কেউ কেউ কালোবাজার থেকে বেশি দামে টিকিট কেনার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও প্রকৌশলী মো. আফজাল হোসেন জানান, সব প্রশাসনিক বিষয় ইতোমধ্যে রেলওয়ের আওতায় নেওয়া হয়েছে। আগামী মাসে টিকিটিং সিস্টেম পরিচালনার জন্য নতুন এজেন্সি নিয়োগ দিতে দরপত্র আহ্বান করা হবে।
খুলনা গেজেট/উউরা
