বগুড়ায় এনসিপির অফিসে অগ্নিসংযোগ
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বগুড়া প্রতিনিধিবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কার্যালয়ে গিয়ে অগ্নিসংযোগের বিষয়টি জানতে পারেন এনসিপির নেতারা। দলটির নেতাদের দাবি, ঘটনাস্থলের ভিডিও ফুটেজে তিন যুবককে কার্যালয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে। তাদের সঙ্গে থাকা আরেক যুবক মুঠোফোনে পুরো ঘটনাটি ধারণ করছিলেন। তবে ভিডিওতে তাদের মুখ স্পষ্ট না হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় দলটির নেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এনসিপির জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী এম এস এ মাহমুদ বলেন, বুধবার রাত ১টা থেকে দেড়টার মধ্যে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেয়। বৃহস্পতিবার সকালে সেখানে গিয়ে বিষয়টি জানতে পেরে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এনসিপির জেলা শাখার সদস্যসচিব সুলতান মাহমুদ এ ঘটনার জন্য পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের দায়ী করে সন্দেহ প্রকাশ করেন। তবে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি তিনি।
অন্যদিকে, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এনসিপির পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।
কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। পুলিশি তদন্ত ও ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
বাংলাদেশ জার্নাল/সিএম
